এস এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সাবেক সেনাসদস্য মাহবুব আলমের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল।
তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাহবুব আলম অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। উত্তরা পূর্ব থানা এলাকায় একটি প্রাইভেট কোম্পানিতে তিনি চাকরি করতেন। নিহত মাহবুব আলম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মৃত রেজাউল ইসলামের ছেলে।
জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানা এলাকার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে বডিগার্ডের (গানম্যান) হিসেবে চাকরির জন্য যান। এ সময় একটি প্যারাডো ও নিশান প্রাইভেটকার গাড়ি থেকে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে তার উপর লাঠি দিয়ে হামলা করে। এ সময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উত্তরা পূর্ব থানা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।