নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রমরমা মাদক ও বিদেশি মদের কারবার চললেও কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না প্রশাসনকে। প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের কারণে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চিহ্নিত মাদক ব্যবসায়ীরা দিনের পর দিন প্রকাশ্যে মাদক ও বিদেশি মদের ব্যবসা চালিয়ে আসছে। কেউ প্রতিবাদ করতে গেলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ফলে জীবন বাঁচানোর ভয়ে মুখ খুলতে নারাজ অধিকাংশ এলাকাবাসী।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারকে কেন্দ্র করে মাঝেমধ্যেই মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষ বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্থানীয় বাসিন্দা রফিক মিয়া জানান, দীর্ঘদিন ধরেই এখানে মাদক ব্যবসা চলছে। কয়েকদিন পর পর মাদক নিয়ে নিজেদের মধ্যেই মারামারি হয়। আমরা আতঙ্কে থাকি। কেউ কিছু বলতে গেলেই হুমকি দেয়।
অভিযোগ রয়েছে, প্রশাসন বিষয়টি জানলেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে করে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে—সবকিছু দেখেও প্রশাসন কেন নীরব?
সচেতন মহলের দাবি, দ্রুত মাদকবিরোধী অভিযান জোরদার করে জড়িতদের আইনের আওতায় আনা না হলে এই এলাকা আরও বড় অপরাধের ঝুঁকিতে পড়বে। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।