June 3, 2026, 4:53 pm

সাভারে মহাসড়ক দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name
  • আপডেট Tuesday, January 13, 2026
  • 124 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সাভারে ঢাকা–আরিচা মহাসড়কের রাজালাখ ফার্ম এলাকায় সরকারি খাস পুকুরের জমি ও মহাসড়ক দখল করে গড়ে তোলা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকেলে পরিচালিত এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন। অভিযানে বিভিন্ন ধরনের দোকানসহ বাঁশ ও ত্রিপল দিয়ে নির্মিত অবৈধ স্থাপনাগুলো বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সাভারের বিভিন্ন এলাকায় মহাসড়ক, ফুটপাত এমনকি ফুটওভারব্রিজ দখল করে একটি চক্র অবৈধ স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়ে নিয়মিত চাঁদা আদায় করছে। রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এসব স্থাপনা গড়ে তুলে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। স্থানীয়দের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা–আরিচা মহাসড়কের পাকিজা থেকে রাজালাখ ফার্ম পর্যন্ত অংশে এবং সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
সরেজমিনে রাজালাখ ফার্ম এলাকায় গিয়ে জানা যায়, সাঈদ নামে এক ব্যক্তি মহাসড়কের জমিতে বাঁশ ও ত্রিপল দিয়ে দোকান নির্মাণ করে প্রতিটি দোকান মাসিক তিন হাজার টাকায় ভাড়া দিতেন। পাশাপাশি সরকারি খাস পুকুরের জমি দখল করে তিনি বাঁশ, ইট ও বালুর ব্যবসা পরিচালনা করছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি জানান, তিনি সাঈদের কাছ থেকে মাসিক তিন হাজার টাকায় দোকান ভাড়া নিয়েছিলেন। ভাড়া দিতে অস্বীকৃতি জানালে মারধর করে দোকান থেকে বের করে দেওয়ার অভিযোগও করেন তিনি। ওই দোকানি আরও জানান, মহাসড়ক ও সরকারি জমিকে নিজের মালিকানা দাবি করে সাঈদ এলাকাজুড়ে প্রভাব বিস্তার করতেন এবং ভাসমান ভ্যান থেকেও দৈনিক চাঁদা আদায় করা হতো। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাঈদ।
এ বিষয়ে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন বলেন, ঢাকা–আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে কিছু অসাধু ব্যক্তি দোকান ভাড়া দিচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে কেউ নতুন করে মহাসড়ক বা সরকারি জমি দখল করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর