নিজস্ব প্রতিবেদক :: ঢাকা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, ‘বেগম খালেদা জিয়া আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। তার এ বিদায় জাতির জন্য অপূরণীয় ক্ষতি।’ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় ঢাকার দোহার উপজেলার ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার আশফাক বলেন, ‘এ দেশের মানুষের মুক্তির জন্য, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য, মা-বোনদের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়া ছিলেন অটল। স্বামী ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন। বড় ছেলে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর যাবত পরবাসে ছিলেন। তবু জীবনের শেষ সময়েও তিনি ছিলেন আপসহীন।’
তিনি বলেন, ‘আপসহীন এই নেত্রী ছিলেন জনগণের নেত্রী। তার জানাজায় সর্বস্তরের, সব ধর্মের মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি ছিলেন জাতির নেত্রী।’
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আজ নির্বাচনী কোনো সভা নয়। তবুও আমি বলবো, আমি নির্বাচিত না হলেও আপনাদের সঙ্গে আছি, থাকব।’ দোহার উপজেলা বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম মেছের সভাপতিত্বে এবং পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শহীদ আলম খন্দকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রেজাউল কবির পলসহ প্রমুখ।