June 3, 2026, 5:49 pm

কুমিল্লায় প্রাথমিক স্বাস্থ্যসেবা বিস্তারে আরও ৬টি স্যাটেলাইট টিম চালু

Reporter Name
  • আপডেট Tuesday, January 13, 2026
  • 120 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও শক্তিশালী ও সম্প্রসারণের লক্ষ্যে নতুন করে ৬টি স্যাটেলাইট টিম চালু করা হয়েছে। নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোর আওতায় নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় এ স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ আরও গতি পেল। আজ মঙ্গলবার নগরীর নবাববাড়ী এলাকায় অবস্থিত নগর মাতৃসদন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব স্যাটেলাইট টিমের উদ্বোধন করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ আলম। এতে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সুমন কুমার সাহা। নতুন যুক্ত হওয়া ৬টি ও বিদ্যমান ১২টি টিমসহ মোট স্যাটেলাইট টিমের সংখ্যা দাঁড়াল ১৮টিতে। এসব টিম নগরীর ২৭টি ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন, নগর মাতৃসদনের ক্লিনিক ব্যবস্থাপক ডা. ফারজানা আক্তার, নগর স্বাস্থ্য কেন্দ্র-৩ এর ফিজিশিয়ান ডা. তানজিনা আক্তার, কুমিল্লা সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ রশিরউল্লাহ মজুমদার, ইপিআই বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ জহিরুল ইসলাম এবং সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোহাম্মদ খাইরুল বাশার।
বক্তারা জানান, বর্তমানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় একটি নগর মাতৃসদন, ছয়টি নগর স্বাস্থ্য কেন্দ্র এবং ১৮টি স্যাটেলাইট টিমের মাধ্যমে নগরবাসীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।
তারা আরো বলেন, এসব স্যাটেলাইট টিমের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্যসেবা, টিকাদান কার্যক্রম, সাধারণ রোগের চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর