নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে নবনির্মিত ‘মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১০ জানুয়ারি শনিবার বেলা ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আধুনিক ফায়ার স্টেশনটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, পরিচালকবৃন্দ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, আনসারের উপপরিচালকসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সকালে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে একদল চৌকস অগ্নিসেনা তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। এরপর সিনিয়র সচিব শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের ফলক উন্মোচন করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় তিনি স্টেশন প্রাঙ্গণে একটি আম্রপালির চারা রোপণ করেন।
আলোচনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক স্বাগত বক্তব্যে বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সাহসী ভূমিকার প্রশংসা করেন। অধিদপ্তরের মহাপরিচালক তাঁর বক্তব্যে ফায়ার সার্ভিসের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি নাসিমুল গনি তাঁর বক্তব্যে নিজের কিশোর বয়সে ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার হিসেবে প্রশিক্ষণ নেয়ার স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ভবিষ্যৎ ঝুঁকি ও ভূমিকম্প মোকাবিলায় ভলান্টিয়ারের সংখ্যা বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধিতে মিডিয়া উইংকে আরও শক্তিশালী করা জরুরি। জনগণের সেবায় সর্বদা নিজেদের অবস্থান সমুন্নত রাখার জন্য তিনি ফায়ার সার্ভিসের কর্মীদের প্রতি আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফায়ার স্টেশনের ব্যারাক ভবন, গাড়ি-পাম্পসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।