স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর ঐতিহাসিক ও ব্যস্ততম বাণিজ্যকেন্দ্র বৃহত্তর জয়দেবপুর বাজার আজ যেন অবৈধ দখল, ভাসমান দোকান ও অনিয়মের জাঁতাকলে বন্দী। ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ ভাসমান দোকানপাট, অনিয়ন্ত্রিত অটো ও ইজি বাইকের দৌরাত্ম্যে প্রতিদিন দুর্বিষহ যানজট ও সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই দীর্ঘদিনের সংকট নিরসনে কার্যকর উদ্যোগের দাবিতে বৃহত্তর জয়দেবপুর বাজার কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জয়দেবপুর বাজার মুক্ত মঞ্চের পাশে এক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা। এ সময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও পথচারীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে সভাপতির বক্তব্যে রায়হান আল মাহমুদ রানা বলেন, দীর্ঘদিন ধরে জয়দেবপুর বাজারের ফুটপাতগুলো অবৈধ ভাসমান ব্যবসায়ীদের দখলে চলে গেছে। ফলে সাধারণ মানুষ তাদের চলাচলের ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে। ফুটপাত ব্যবহার করতে না পেরে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। এর ফলেই প্রতিদিন এখানে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, বারবার সতর্ক করার পরও এসব অবৈধ ব্যবসায়ী কোনো কথা শুনছে না। কোন অদৃশ্য শক্তি বা চক্রের মদদে তারা বছরের পর বছর এই অনিয়ম চালিয়ে যাচ্ছে-তা আমাদের বোধগম্য নয়। আমরা প্রশাসনের পূর্ণাঙ্গ সহযোগিতা চাই। প্রশাসনের সহায়তায় ফুটপাত দখলমুক্ত হলে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে, শহর হবে যানজটমুক্ত।
অবৈধ ভাসমান ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের পথ-এখানে কোনোভাবেই ব্যবসা করা যাবে না। শহরের ভেতরে ভিড় ও যানজট সৃষ্টি করবেন না। অবিলম্বে ফুটপাত দখল ছেড়ে দিন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, জয়দেবপুর বাজারের ফুটপাত দীর্ঘ বছর ধরে দখলমুক্ত না হওয়ায় প্রতিদিনই শহরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রেলগেট এলাকায় পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। ফুটপাত ব্যবহার করতে না পেরে মানুষ বাধ্য হয়ে রাস্তায় চলাচল করছে, যার ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, অবৈধ অটো রিকশা ও ইজি বাইকের অবাধ চলাচল গাজীপুর শহরকে কার্যত যানজটের নগরীতে পরিণত করেছে। কর্মজীবী মানুষ প্রতিদিন কর্মস্থলে যেতে ও ফিরতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
তাদের দাবি, প্রশাসনের পূর্ণ সহযোগিতায় দ্রুত জয়দেবপুর বাজারসহ গাজীপুর শহরের সব ফুটপাত দখলমুক্ত করতে হবে, অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করতে হবে এবং শহর থেকে অবৈধ অটো ও ইজি বাইক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
অবস্থান কর্মসূচির মাধ্যমে বৃহত্তর জয়দেবপুর বাজার কমিটি স্পষ্ট করে জানিয়েছে, জনদুর্ভোগ নিরসন ও নগর শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবিলম্বে দৃশ্যমান ও টেকসই পদক্ষেপ গ্রহণ না করা হলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবে।