স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি )সকালে উপজেলার টোক ইউনিয়নের বড়চালা গ্রামের ‘খুদির বাড়ি’ নামক এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এসকেভেটর (ভেকু মেশিন) আটক করা হয়। অভিযান পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বড়চালা এলাকায় কৃষি জমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে সেখানে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাটি কাটার যন্ত্রটি জব্দ করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক জানান,”অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে কৃষি জমি এবং পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, নিয়মিত এ ধরনের অভিযান চললে ফসলি জমি রক্ষা পাবে এবং মাটিকাটা চক্রের দৌরাত্ম্য কমবে।