July 9, 2026, 1:48 pm

খালেদা জিয়াকে স্মরণে গাজীপুর মহানগর বিএনপির বিশেষ দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Sunday, January 4, 2026
  • 157 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গণতন্ত্রের রূপকার, আপোষহীন নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গাজীপুর মহানগরের ২৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছায়াবীথি, উত্তর ছায়াবীথি, রাজবাড়ির ঢালসহ বিভিন্ন এলাকায় একযোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস।
প্রধান অতিথির বক্তব্যে এম মঞ্জুরুল করিম রনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্রের প্রকৃত রূপকার। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে তিনি নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন; কিন্তু কখনো আপোষ করেননি। এ দেশের মানুষের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষাই ছিল তার জীবনের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসনামলে তাকে বাড়ি থেকে উৎখাত করা হয়েছে, তার পরিবারকে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়েছে। তবুও তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন-এই দেশই তার সব, এ দেশের মানুষই তার শক্তি। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, সংগ্রাম ও গণতন্ত্রের চেতনা চিরকাল বেঁচে থাকবে।
রনি বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজায় কোটি মানুষের অংশগ্রহণ প্রমাণ করে-বাংলাদেশের মানুষ কতটা গভীরভাবে বেগম খালেদা জিয়াকে ভালোবাসতেন ও বিশ্বাস করতেন। গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইনশাল্লাহ, গণমানুষের এই দল বিজয়ী হবেই।
বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আহমদ আলী রুসদি, অ্যাডভোকেট সুলতান উদ্দিন, সদর মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক হাসান আজমল ভূইয়া, বিএনপি নেতা জয়নাল আবেদীন তালুকদার, সদর মেট্রো থানা বিএনপি’র সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, মেট্রো সদর থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান মুন্না, বিএনপি নেতা কামরুজ্জামান শামীম, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন তারেক, সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, ফরহাজ বিন প্রবাল, মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলগুলোতে বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর