নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভুটিয়াকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে মারধর ছাড়াও প্রকাশ্যে হেনস্থা করে কলেজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রতিবাদের ঝড় বইছে। তবে পুলিশ নিয়মিত মামলা না নিয়ে ‘অধর্তব্য’ (নন-এফআইআর) অপরাধ মনে করে আদালতের দ্বারস্থ হয়। এর প্রতিবাদে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কর্মরত শিক্ষকরা। তাঁরা পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে নিয়মিত মামলা (এফআইআর) নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।
থানায় দেওয়া অভিযোগ অনুযায়ী, গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভুটিয়াকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন গোলাম মোহাম্মদ (৫৯)। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ দায়িত্বে রয়েছেন তিনি। গত ৫ আগস্টের পর একটি চক্র তাঁর বিরুদ্ধে নানা অপপ্রচার চালায়।
গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তিনি প্রতিষ্ঠানে গেলে স্থানীয় ধেরুয়া কড়েহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল লোক প্রতিষ্ঠানটিতে গিয়ে অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাঁকে বের হয়ে যেতে বলেন। কারণ জানতে চাইলে আনোয়ার হোসেন তাঁকে কিলঘুষি মেরে হত্যার হুমকি দেন। একপর্যায়ে ঘাড় ধাক্কা দিতে দিতে বের করে দেন। ওই সময় একজন মোবাইলে ফোনে ঘটনাটি ভিডিওতে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ ব্যাপারে অভিযুক্ত আনোয়ার হোসেন ওইদিন বলেছিলেন, তিনি ওই সময় ভুটিয়াকোনা স্কুল অ্যান্ড কলেজে একটা কাজে গিয়েছিলেন।
গৌরীপুর থানার ওসি মো. দিদারুল ইসলাম বলেন,বাহ্যিক দৃষ্টিতে বিষয়টি আমলে নেওয়ার মতো নয়। এ জন্য জিডির পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের কাছে পরবর্তী পদক্ষেপের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।