নিজস্ব প্রতিবেদক :: বিদেশি কূটনীতিকরা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে একটি অবাধ ও নিরপেক্ষ পরিবেশ দেখতে চান বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব একে এম আলী নেওয়াজ। তিনি বলেন, কমিশনও সেই লক্ষ্যে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময়সভা শেষে তিনি এ কথা জানান। একে এম আলী নেওয়াজ বলেন, বৈঠকে বিদেশিরা কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চান। একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে কিছু আইনি সংশোধন, লজিস্টিক সাপোর্টসহ নানা বিষয়ে আলোচনার কথা জানান তিনি।
সভায় অংশ নেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। ঘণ্টাব্যাপী এই বৈঠকে মাঠপর্যায়ের শীর্ষ নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে বৈঠক শেষে কোনো বিদেশি কূটনীতিক সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। দুই দিনের এই সফরে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনেরও কথা রয়েছে কূটনীতিকদের।