July 9, 2026, 8:43 am

টঙ্গীতে দগ্ধ তিন ফায়ার সার্ভিস সদস্যকে সব ধরনের সাপোর্ট দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Tuesday, September 23, 2025
  • 58 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরের টঙ্গীতে কেমিক্যালের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের তিন সদস্যের অবস্থাই আশঙ্কাজনক। সরকার তাঁদের চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ অগ্নি দুর্ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দগ্ধদের যত ধরনের সাপোর্ট প্রয়োজন, তা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। চিকিৎসায় কোনো অবহেলা হবে না।’
কেমিক্যাল গোডাউন অপসারণের বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পুরান ঢাকায় যখন কেমিক্যাল দুর্ঘটনা ঘটে, এরপর সেই গোডাউনগুলো মুন্সিগঞ্জের দিকে নিয়ে যাওয়া হয়েছে। টঙ্গীর ঘটনাটি দুর্ভাগ্যজনক। দুর্ঘটনা তো দুর্ঘটনাই। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এ সময় ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন বলেন, এখন বার্ন ইনস্টিটিউটে ফায়ার সার্ভিসের তিন সদস্য ভর্তি আছেন। তাঁদের শরীরের ৪০ শতাংশের বেশি দগ্ধ হওয়ায় সবাই আশঙ্কাজনক। তাঁদের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। দগ্ধ রোগীদের দেশের বাইরে নিয়ে গেলে ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। এ জন্য আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।
টঙ্গীর এ ঘটনায় আলআমিন হোসেন বাবু নামে আরও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। আলআমিনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর