স্টাফ রিপোর্টার :: গাজীপুরের টঙ্গীতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ কর্তৃক আয়োজিত মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন ঘরোয়া অনুষ্ঠানে যুব মহিলা দলের নেত্রীর ছেলের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। এতে করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সম্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় গত ১৫ আগস্ট রাতে টঙ্গীর খাঁ পাড়া রোডে ইসমাইল কন্ট্রাক্টরের বাসার পাশ্বে কসবা বিল্ডিং এর একটি রুমে এ কর্মসূচির আয়োজন করেন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। সে আয়োজনে উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হালিমা আক্তারের ছেলে শান্ত, ইসমাইল কন্ট্রাক্টরের ছেলে সাকিব, সাবেক বিএনপি নেতা সেলিম ও হালিমার ভাতিজা স্বাধীনসহ আরোও কয়েকজন। জানা যায়, তারা গোপনে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও শহীদদের স্মরণে নিরবতা পালন করেন। পরে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এবিষয়ে অভিযুক্ত শান্ত’র সাথে মুঠোফোনে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ১৫ আগষ্টের ঘরোয়া আয়োজনে বন্ধুদের সাথে আমিও উপস্থিত ছিলাম এমনকি ছবিও তুলেছি। কিন্তু বিষয়টি আমি না বুঝে করেছি তাই আমি দুঃখিত।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসাঃ হালিমা আক্তার খাদিজা আক্তার বলেন, আমার ছেলে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত না কিন্তু ১৫ আগষ্টের শোক সভা পালনে সে উপস্থিত ছিলো। সে না বুঝে সেখানে ছিলো। এবিষয়ে আমি ক্ষমাপ্রার্থী। গাজীপুর মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা বলেন, আমি একটা জরুরী কাজে ব্যস্ত আছি। আপনি সরাসরি হালিমার সাথে কথা বলুন।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার নব্য অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম সম্পর্কে আমি অবগত নই। তবে তথ্য পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।