স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ২০ মামলার আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে-কামরুজ্জামান খন্দকার শাওন (৩৫), জব্বার খা জয় (২৮), ইসমাইল হোসেন (২৫) ও হযরত আলী (২০)। বুধবার রাত পৌনে ১২টার দিকে টঙ্গীর হিমার দিঘি হকের মোড়ের কোকাকোলা গেটের পাশ থেকে আসামিদের গ্রেপ্তার করেন।
টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক এস এম মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বুধবার মধ্যরাতে টঙ্গী পূর্ব থানাধীন হকের মোড় কোকাকোলা এলাকায় কতিপয় ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ জড়ো হয়েছে। এ সময় আমার সঙ্গে থাকা পুলিশ সদস্যদেরকে নিয়ে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৮/১০ জন ডাকাত পালিয়ে যায়। এ সময় ডাকাতদের হেফাজত থেকে একটি সুইজ গিয়ার ও তিনটি দেশীয় চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে কামরুজ্জামান খন্দকার শাওনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টি মামলা এবং জব্বার খা জয়ের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদেরকে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।