মো: আক্তার হোসেন ডালি:: গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই মিয়াপাড়া এলাকায় ঘাঘট নদী থেকে নাজ বেগম (৩৭) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়দের চোখে পড়লে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাজ বেগম মর্ডান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরদিন সকালে এলাকাবাসী ঘাঘট নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা— তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, শিক্ষিকা নাজ বেগম ছিলেন শান্ত-স্বভাবের ও সমাজে সবার কাছে গ্রহণযোগ্য একজন মানুষ। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।