আন্তর্জাতিক ডেস্ক :: ভারতে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে নতুন করে উত্তাল হয়ে উঠেছে আলগাপুর। গত শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় মসজিদগুলো থেকে বের হয়ে হাজার হাজার মুসলমান রাস্তায় নেমে আসেন। তারা শ্লোগান দিতে দিতে আলগাপুর ব্রিজের দিকে অগ্রসর হন এবং আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে মিছিল শুরু করলেও ব্রিজ এলাকায় পৌঁছালে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বিক্ষোভকারীরা “ওয়াকফ সংশোধনী আইন মানি না, মানব না” বলে স্লোগান দেন। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, এই আইন মুসলিম সমাজের ধর্মীয় ও সামাজিক অধিকার ক্ষুণ্ণ করছে। তারা জানান, ওয়াকফ সম্পত্তি মুসলিম সমাজের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক ভিত্তি, অথচ সরকারের সংশোধনীতে সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে প্রশাসন বলছে, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে দাবি জানানো গণতান্ত্রিক অধিকার হলেও আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত না এলে আন্দোলন আরও ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়া হবে। ফলে আলগাপুরে উত্তেজনা বাড়ছে এবং ব্রিজ এলাকায় পরিস্থিতি এখনও টানটান।