আন্তর্জাতিক ডেস্ক :: ভারতে চলমান সরকারবিরোধী আন্দোলনে এবার আইনজীবীরাও একাত্মতা প্রকাশ করেছেন। সোমবার দুপুরে রাজধানী দিল্লিসহ বিভিন্ন অঙ্গরাজ্যের আদালত প্রাঙ্গণ থেকে বিপুল সংখ্যক আইনজীবী রাজপথে নেমে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালো কোট পরিহিত আইনজীবীরা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। তাদের কণ্ঠে শোনা যায়— “ভোট চোর, ভোট চোর, মোদি ভোট চোর”। একই সঙ্গে তারা আরো স্লোগান তুলতে থাকেন— “জব জব মোদি ডরতা হ্যায়, পুলিশ ছোয়ারি করতা হ্যায়”।
আইনজীবীদের দাবি, দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার আজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ভোটাধিকার হরণ করে বর্তমান সরকার ক্ষমতায় টিকে আছে বলেও তারা অভিযোগ তোলেন। আন্দোলনকারীরা জানান, দেশের বিচার ব্যবস্থাকে সরকার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, যা গণতন্ত্রের জন্য বড় হুমকি।
এদিকে আইনজীবীদের এই আন্দোলনে সাধারণ মানুষের সমর্থনও যোগ হয়েছে। রাজপথে নেমে আসা হাজারো মানুষ তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে স্লোগান দেন। আন্দোলনের কারণে দিল্লির কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানজট সৃষ্টি হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আইনজীবীদের এই অংশগ্রহণ সরকারবিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে। এর ফলে সরকারের ওপর চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।