শারমিন খানম :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় টঙ্গীর হাজী এম এ গনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৬ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বশির উদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান লিটনের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক বশির উদ্দিন বলেন, “আমার দেশ, আমার মাটি—গাছ লাগিয়ে করবো খাঁটি। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, ফলজ গাছ মানুষের পুষ্টি চাহিদা পূরণ করে, বনজ গাছ অক্সিজেন সরবরাহের মাধ্যমে পরিবেশ রক্ষা করে এবং ঔষধি গাছ মানবদেহের নানা রোগ নিরাময়ে প্রাকৃতিক সমাধান দেয়। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, টঙ্গী পশ্চিম থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম কাজল, ৫২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ভাসানী, যুবদল নেতা সাইদুল ইসলাম জনি, ৫৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম বেপারী, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মহিলা নেত্রী হালিমা আক্তার সুমি, ফেরদৌসীসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। বক্তারা পরিবেশ রক্ষায় সবাইকে বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।