ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আরিফুর রহমান আবির (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার বড়হিত ইউনিয়নের নওপাড়া গ্রামে শিশুর নানার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। নিহত শিশুর বাড়ি ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামে। সে একই গ্রামের মো. লিটন মিয়ার ছেলে।
লিটন মিয়া বলেন, ‘গত কয়েক মাস ধরে আমার স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে আমার সাথে বহু বাকবিতণ্ডা হয়েছে এবং সামাজিকভাবে একাধিকবার সালিশ করা হয়েছে। তবুও সংশোধন হয়নি আমার স্ত্রীর। সে প্রায় সময়েই আমাকে বলতো- তোর ছেলেকে আমি মেরে ফেলে ফেলবো। আজ তাই করেছে, আমার সন্দেহ ছেলেকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে হত্যা করে তার পরকীয়ার পথ উন্মুক্ত করেছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমার ছেলে হত্যার বিচারের দাবি জানাচ্ছি।’
শিশুর মা মিতু আক্তার (৩০) বলেন, ‘ছেলে আমার সাথে ঘরেই ছিল। আনুমানিক দুপুর পৌনে ১২ টার দিকে আমি ওয়াশরুমে ঢুকতেই আবির তার খেলনা গাড়ি নিয়ে খেলতে বের হয়। পরে আমি ওয়াশরুম থেকে বের হয়ে আবিরকে খোঁজতে খোঁজতে বাড়ির পাশের পুকুরঘাটে গিয়ে দেখি, ছেলের খেলনাগাড়ি পড়ে আছে। কিন্তু ছেলে নেই। এতে সন্দেহ হলে পুকুরের পানিতে নেমে ডুবন্ত আবিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক মৃত ঘোষণা করে।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে মৃত অবস্থায় আমাদের কাছে আনা হয়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’