আন্তর্জাতিক ডেস্ক:: নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পর প্রতিবেশী ভারতেও দেখা দিয়েছে উত্তেজনার হাওয়া। দেশটির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলসমূহ ও আন্দোলনরত জনতার বিক্ষোভে নতুন করে চাপে পড়েছে ক্ষমতাসীন দল। রাজধানী নয়া দিল্লি থেকে শুরু করে রাজ্য পর্যায়ের বিভিন্ন শহরে প্রতিবাদ মিছিল ও সমাবেশে সরব হয়েছেন হাজার হাজার মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার সকাল থেকে দিল্লির রাজপথ, উত্তরপ্রদেশের লখনৌ, বিহার, পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যে সরকারবিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে গুরুত্বপূর্ণ সড়কগুলো। শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, বেকার যুবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার জনগণ আন্দোলনে অংশ নিচ্ছে। এসময় পুলিশের সঙ্গে কয়েক দফায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বর্তমান বিজেপি সরকারের আমলে বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। পাশাপাশি বিরোধীদের কণ্ঠরোধ করতে প্রশাসনকে ব্যবহার করার অভিযোগও তুলেছেন তারা। তাদের দাবি, অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে পদত্যাগ করে নতুন নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নেপালের ঘটনাপ্রবাহ ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বড় প্রভাব ফেলেছে। ফলে বিরোধীরা এই মুহূর্তে আন্দোলনকে সরকার পতনের রূপ দিতে মরিয়া হয়ে উঠেছে। তবে ক্ষমতাসীন শাসকদল বলছে, এটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের আন্দোলন জিইয়ে তোলা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি, বিহার ও উত্তরপ্রদেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে আন্দোলনের তীব্রতা বাড়তে থাকায় ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে গড়াবে তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।