মো: আক্তার হোসেন ডালি:: গাজীপুর-৬ আসনকে ঘিরে বিএনপির ভেতরে শুরু হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা। দলীয় মনোনয়নের লড়াইয়ে নাম এসেছে একাধিক শীর্ষ নেতার। দীর্ঘদিন ধরে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ এই আসনটি দখল করতে চান বহু প্রভাবশালী প্রার্থী।
দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, আলহাজ্ব সালাউদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সরকার জাবেদ আহমেদ সুমন, প্রভাষক বশির উদ্দিন, অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনি, মোঃ আরিফ হাওলাদার এবং হাজী মোঃ জসিম উদ্দিন সহ আরো বেশ কয়েকজনের নাম। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে তৃণমূল পর্যায়ে সক্রিয় হয়ে উঠেছেন এবং ভোটারদের সমর্থন অর্জনের চেষ্টা চালাচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ—সব দিক বিচার করেই বিএনপির হাই কমান্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে অন্দরমহলে গুঞ্জন রয়েছে, জিয়া পরিবারের কেউ বিশেষ বিবেচনায় আসতে পারেন। আলোচনায় বিশেষভাবে উঠে এসেছে আরাফাত রহমান কোকোর স্ত্রীর নাম। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, গাজীপুর-৬ আসনে মনোনয়ন পেতে হলে শুধু জনপ্রিয়তা নয়, দলীয় হাই কমান্ডের আস্থাও বড় ফ্যাক্টর হবে। একাধিক শক্তিশালী প্রার্থী থাকার কারণে প্রতিদ্বন্দ্বিতা হবে আরও তীব্র। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির হাই কমান্ডের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছেন গাজীপুর-৬ এর রাজনৈতিক অঙ্গন। চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ হলে স্পষ্ট হবে, কে হচ্ছেন এই আসনে বিএনপির শেষ ভরসা।