স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন খান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহম্মেদ নান্নু, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিমউদ্দীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো. আফাজ উদ্দিন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের জীবন ও রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। শহীদ মুক্তিযোদ্ধাদের অবদান কখনো ভোলার নয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞে কাপাসিয়ায় বহু মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছেন। সভায় মুক্তিযোদ্ধাদের পাশাপাশি শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মো. সহিদুল ইসলাম মুক্তিযোদ্ধাদের সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন।