মো: আক্তার হোসেন ডালি :: গাজীপুরের টঙ্গীতে পরিত্যক্ত একটি প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাড়ি থেকে ৬২০ পিস ফেনসিডিল জব্দ করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৬ হাজার টাকা। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম টঙ্গীর একটি সড়কে ফেলে রাখা সন্দেহজনক প্রাইভেটকারটি তল্লাশি করা হয়। এ সময় গাড়ির ভেতরে লুকানো অবস্থায় ফেনসিডিলের বোতলগুলো উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কেউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, জব্দকৃত গাড়িটি একটি টোয়োটা অ্যাক্সিও (নম্বর: ঢাকা মেট্রো-গ ৩১-৯৮৪৩)। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গাড়ির মালিকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। মাদকবিরোধী এ অভিযানের ফলে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা। পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।