স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী হাওর এক্সপ্রেস একটি ট্রেন টঙ্গীর বউবাজার এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। এছাড়াও গতকাল রবিবার টঙ্গী রেলস্টেশনের প্ল্যাটফরমে জামাল উদ্দিন (৭৭) নামের এক ভবঘুরের মৃত্যু হয়েছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ জানায়, শনিবার গভীর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি টঙ্গীর বউবাজার এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইন পার হওয়ার সময় ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই মারা অজ্ঞাত ওই নারী। তার পরনে ছিল সোনালি রঙের জর্জেটের কামিজ ও প্রিন্টের সূতি কাপড়ের সালোয়ার।
এদিকে টঙ্গী রেলস্টেশনের প্ল্যাটফরমে শুয়ে থাকা জামাল উদ্দিন (৭৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকালে প্ল্যাটফরমে শুয়ে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ভবঘুরে ছিলেন এবং দীর্ঘদিন ধরে এই প্ল্যাটফরমে থাকতেন বলে সেখানকার লোকজন জানায়। ক্ষুধার্ত হয়ে অসুস্থ অবস্থায় জামালের মৃত্যু হয়েছে বলে ধারণা তাদের।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মালেক দুই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া নারীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর ভবঘুরে জামালের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।