আবু সাঈদ চৌধুরী:: দলীয় ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগে টঙ্গী পূর্ব থানা বিএনপি নেতা গাজী মো. মহসিনকে শোকজ নোটিশ দিয়েছে পূর্ব থানা বিএনপি। মহসিন গাজীপুর মহানগরীর ৪৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
সূত্রে জানা যায়, মহসিন দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি, মাদক কিশোরগ্যাংসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। তার এই অপরাধ কর্মকাণ্ডের ফলে এলাকাবাসী ও ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ভয়ভীতি দিয়ে শিল্প-কলকারখানার ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণে নিতে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। তার নির্দেশ না মানলে কারখানায় হামলা, শ্রমিকদের মারধর ও কারখানা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। এতে কারখানা মালিক ও শ্রমিকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এছাড়াও মহসিনের নেতৃত্বে টঙ্গী বিসিক ঝিনু মার্কেট, রিকশা স্ট্যান্ড ও ভ্যান গাড়ী থেকে দৈনিক ২শ টাকা হারে চাঁদা আদায় এবং কন্ট্রাক্টর, ইট-বালুর ব্যবসায়ীসহ ছোট-বড় সব ধরনের ব্যবসায়ীকে মাসিক চাঁদা দিতে বাধ্য করা হয়। ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মহসিন তাদের ‘ডেভিল’ বানিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেন এবং মিথ্যা হত্যা মামলায় জড়ানোর ভয় দেখান।
এদিকে মহসিনের অপরাধমূলক কর্মকাণ্ডে স্থানীয় বিএনপি নেতাদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সিদ্ধান্ত অমান্য ও দলের ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগে টঙ্গী পূর্ব থানা বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মহসিন এর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।