August 2, 2026, 12:32 am

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে বড় ভূমিকা রাখতে পারে রোভার স্কাউটস: শিক্ষা উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Wednesday, September 3, 2025
  • 84 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার আশানোরুপ ফল অর্জন করতে পারেনি। তবে অত্যন্ত সততা ও আন্তরিকতার সাথে সরকার চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে বড় ভূমিকা রাখতে পারে রোভার স্কাউটস এবং মানবসেবার পাশাপাশি সমাজের নানা অসঙ্গতি দূরীকরণে রোভার স্কাউটসের অবদান স্মরণ করে তিনি এই আশা প্রকাশ করেন। আজ বুধবার রাজধানীর ইডেন মহিলা কলেজে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল আয়োজিত “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান: অতীতের চেতনা, ভবিষ্যতের পথ নির্দেশ” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানান।
অনুষ্ঠানের সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যদের চাকরিতে অগ্রাধিকার দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে জুলাই ফাউন্ডেশনের সাথে যৌথভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজের ৩৩জন শহীদ শিক্ষার্থীর প্রত্যেক পরিবারকে ০৮ লাখ টাকা করে সহায়তা দেয়া হয়েছে। তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের মধ্যে রোভার স্কাউট ১০জন। যা প্রমাণ করে রোভার স্কাউট মানবসেবার পাশাপাশি দেশের ক্রান্তিলগ্নেও ঝাঁপিয়ে পড়তে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত প্রায় আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে রোভার স্কাউট ও বিএনসিসির কার্যক্রম চালু করার পরিকল্পনার কথা জানিয়ে প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, রোভার স্কাউট ও বিএনসিসি সক্রিয় হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফিরবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক-মাধ্যমিক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান। এছাড়া জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদ নীলফামারীর রোভার স্কাউট রাজিবুল করিমের মা জান্নাতুল ফেরদৌস, মানিকগঞ্জের রোভার শহীদ আফিকুল ইসলামের বাবা শফিকুল ইসলাম এবং ঢাকার রোভার শহীদ গোলাম নাফিজের বাবা মো. গোলাম রহমান দেশের জন্য সন্তানদের আত্মাহুতির কথা তুলে ধরেন। নানাভাবে বঞ্চনার শিকার হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ১০জন রোভার স্কাউটের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া জুলাই-আগস্ট ২০২৪ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত প্রতিযোগিতার ০৬টি ইভেন্টে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী রোভারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ০১ মিনিট নিরবতা পালন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর