July 4, 2026, 10:19 am

টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • আপডেট Monday, August 4, 2025
  • 95 জন দেখেছে

মো: জাফর আলী:: টঙ্গীতে সেফটি (নিরাপত্তা) ব্যবস্থা ছাড়াই নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে দুই শ্রমিক গুরুতর আহত হন। তাদের মধ্যে সোহেল (৩৫) নামে এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত অপর শ্রমিক মোকলেছুর রহমান (৩২) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ সোমবার (০৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর তা’মীরুল মিল্লাত ট্রাস্ট আবাসিক এলাকার ‘খান টাওয়ার’ নামের একটি নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চতুর্থ তলায় রড উত্তোলনের সময় একটি লোহার রড পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এ সময় বিকট শব্দ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ঢাকা ইমপেরিয়াল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যান।
প্রত্যক্ষদর্শী মেহরাব বলেন, ‘আমি দোকানে বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি দুই শ্রমিক নিচে পড়ে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন।’
স্থানীয়দের অভিযোগ, তামীরুল মিল্লাত ট্রাস্ট ও বলাদিল আমিন এলাকায় চলমান বিভিন্ন নির্মাণকাজে সেফটি নিয়মকানুন মানা হচ্ছে না। এর ফলে শুধু শ্রমিক নন, সাধারণ পথচারীরাও প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছেন। এর আগেও এ ধরনের অব্যবস্থাপনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ইস্কান্দার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর