July 9, 2026, 2:43 pm

নদীতে ডাকাতিকালে শাহিন বাহিনীর ৫ সদস্য আটক

Reporter Name
  • আপডেট Wednesday, March 19, 2025
  • 65 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ভোলার তেঁতুলিয়া নদীতে জেলে নৌকায় ডাকাতিকালে কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত জলদস্যু শাহিন বাহিনীর পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা ও তিনটি ট্রলার উদ্ধার করা হয়েছে। আটক জলদস্যুরা হলো— মো. মামুন মোল্লা (৪২), আনোয়ার হাওলাদার (৪১), মো. জুয়েল শেখ (২৬), পান্নু মোল্লা (৩২) ও নাজমুল হাওলাদার (৩৮)। তারা সবাই বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা।
বুধবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের প্রধান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ মার্চ) মধ্যরাত ১টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড দক্ষিণ জোন। অভিযান চলাকালে ওই এলাকা থেকে জেলেদের ট্রলারে ডাকাতি করার সময় কুখ্যাত শাহিন বাহিনীর পাঁচ দুর্ধর্ষ জলদসুকে চারটি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা এবং তিনটি ট্রলারসহ আটক করা হয়। আটককৃত জলদস্যু, জব্দকৃত অস্ত্র, মাদক ও ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ আরো জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর