স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মাওনা টু ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্য রওনা দেয়। সিএনজিটি উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইট ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক ওবায়দুল ও অজ্ঞাত এক নারী (৫৬) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০)সহ তিনজন নিহত হয়। গুরুতর আহত হয় আরো একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় জানা গেলেও বাকীদের নাম জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।