July 9, 2026, 6:18 pm

কাবাডি ফেডারেশনকে ক্রীড়া উপদেষ্টার ২৫ লাখ টাকা অনুদান

Reporter Name
  • আপডেট Tuesday, March 11, 2025
  • 77 জন দেখেছে

ক্রীড়া প্রতিবেদক :: ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ জাতীয় নারী দলকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল। অন্যান্যদের মধ্যে এই সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
নারী দলের এই সাফল্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা অনেক খুশি হয়েছেন বলে জানান রেজাউল মাকছুদ জাহেদী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব তার বক্তব্যে বলেন , ‘আমাদের নারী কাবাডি দল নিয়ে আমরা গর্বিত। মাননীয় ক্রীড়া উপদেষ্টা অনেক খুশি হয়েছেন নারী দলের এই অর্জনে। মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমরা আপনাদের সংবর্ধনা দিচ্ছি। কাবাডির অনেক সম্ভাবনা আছে। বড় বড় দলকে আমরা কিভাবে হারাতে পারি সেই পরিকল্পনা করতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আপনাদের সাথে আছে। আগামীতে কাবাডির জন্য বাজেট বাড়ানো হবে। উন্নত প্রশিক্ষণের জন্য কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এর ফলে আমাদের নারী কাবাডি দল ভালো প্রশিক্ষণের মাধ্যমে আরো অনেক অর্জন এনে দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি।’
কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে আমাদের নারী দলের এই সাফল্যের জন্য ধন্যবাদ দিতে চাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে। সব সময় কাবাডি ফেডারেশনের পাশে ছিল ক্রীড়া মন্ত্রণালয়। ধন্যবাদ দিতে চাই মাননীয় ক্রীড়া উপদেষ্টাকে। আগামীতে অনেক আন্তর্জাতিক আসর রয়েছে। সেই সব আসরগুলোতে ভালো করার সব চেষ্টাই আমাদের থাকবে। ‘
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের জায়গা করে নেয় বাংলাদেশ। একই সাথে টুর্নামেন্টের ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা। সেই ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক শ্রাবনী মল্লিক জানান, ‘থাইল্যান্ড আমাদের চেয়ে শক্তিশালী দল। তাদের সাথে আমাদের ম্যাচ ছিল অনেক চ্যালেঞ্জিং। কিন্তু আমাদের মনোবল ছিল আমরা থাইল্যান্ডকে হারাতে পারবো। সবাই খুব ভালো খেলছে। তাই থাইল্যান্ডকে আমরা হারাতে পেরেছি।
বাংলাদেশ নারী দলের কোচ শাহনাজ পারভীন মালেকা ধন্যবাদ জানিয়েছেন কাবাডি ফেডারেশনকে।’ টুর্নামেন্টে ভালো করার জন্য সব ধরনের সহযোগিতা করেছে কাবাডি ফেডারেশন। নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক অর্জন করেছি। এটা অনেক গর্বের। আন্তর্জাতিক অঙ্গনে আমরা পদক হারিয়েছিলাম। আবার ফিরিয়ে আনতে শুরু করেছি। আমাদের জন্য কিছু করলে আমরা দেশকে আরও কিছু দিতে পারবো।
সোমবার বাংলাদেশ জাতীয় পুরুষ দল ও বাংলাদেশ জাতীয় নারী দলকে সংবর্ধনা দিয়েছেন কাবাডি ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম। নেপালের বিপক্ষে ৪-১ ব্যবধানে কাবাডি সিরিজ জয়ী বাংলাদেশ জাতীয় পুরুষ দল এবং ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ জাতীয় নারী দলকে সংবর্ধনা দিয়েছেন কাবাডি ফেডারেশনের সভাপতি। পুরুষ ও নারী উভয় দলকে কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকা করে প্রদান করেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর