স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গত ১৮ ডিসেম্বর মাওলানা জুবায়ের ও মাওলানা সা’দ কান্ধলভী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জোবায়েরপন্থীরা সা’দপন্থী ২৯ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। অপরদিকে সা’দপন্থীরা জুবায়েরপন্থী ৪৪ জনকে আসামি করে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান তাবলীগ জামাতের সা’দপন্থী আলেম মুফতি মুয়াজ বিন নূর। আজ বৃহস্পতিবার মাওলানা সা’দ অনুসারীদের মিডিয়া সমন্বয় মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখনো দুজন কারাগারে রয়েছেন। তারা খুব দ্রুত জামিনে বের হবেন ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, গত ৭ বছর ধরে জুবায়ের পন্থীরা সুবিধা ভোগ করেছেন। তারা প্রতিবারই প্রথম ধাপে ইজতেমা করেছে। কাকরাইলে অবস্থান নিয়েও তারা আধিপত্য বিস্তার করেছে। অথচ এখন বৈষম্যবিরোধী বাংলাদেশে এসেও তারা নতুন নকশা আঁকছে। আমরা আল্লাহর ওপর সব বিচার দিয়েছি।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর টঙ্গী সহিংসতা ঘটনায় জোবায়েরপন্থীরা সা’দপন্থী ২৯ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। অপরদিকে সা’দপন্থীরা জুবায়েরপন্থী ৪৪ জনকে আসামি করে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। যে মামলা পিবিআই তদন্ত করছে। এসব মামলায় সা’দপন্থী চারজন গ্রেফতার হলেও জোবায়েরপন্থী কেউ গ্রেফতার হয়নি।