July 9, 2026, 1:33 pm

ভারতীয় সিগারেট পাচারের সময় উপজেলার যুবদল নেতাসহ আটক ৪

Reporter Name
  • আপডেট Thursday, March 6, 2025
  • 105 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ৩৬ লাখ টাকা মূল্যের ৩১ কার্টুন ভারতীয় সিগারেটসহ ৪ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) ভোরে কাউখালী উপজেলার বেতছড়ি গুচ্ছগ্রাম এলাকার একটি বাড়ি থেকে এসব সিগারেটর আটক করে নিরাপত্তাবাহিনীর একটি দল। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জন ও বাড়ির মালিককে আটক করা হয়। জব্দকৃত সিগারেটসহ আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করেছে নিরাপত্তা বাহিনী।
নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, কাউখালী আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দল গুচ্ছগ্রামের একটি বাড়িতে ভারতীয় সিগারেট মজুদ আছে এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালালে ১২ কার্টুন অরিস ও ১৯ কার্টুন মন্ড সিগারেট পাওয়া যায়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয় ৪ জনকে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত মো. নজরুলসহ আরো ২ জন পালিয়ে গেছেন বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
আটককৃতরা হলেন- উপজেলা যুবদলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন (৩৮), উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মো. ইসমাইল (৩৫), তাতীদল নেতা রিপন মিয়া (৩৪) ও বাড়ির মালিক সামশুদ্দিন (৭০)।
আটককৃত বাড়ির মালিক সামশুদ্দিনের ছেলে হান্নান বলেন, ‘আব্বা বাজারে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে রাস্তার পাশে কয়েকটি বস্তাসহ আটককৃতদের দেখতে পেয়ে জিজ্ঞাসা করেন- এগুলো কি? পরক্ষণে তারা উত্তর দেয় শীতের কম্বল। আব্বা কম্বলগুলো রাস্তার পাশে ফেলে না রেখে ঘরে রাখতে বলে বড়ই বিক্রি করতে বাজারে চলে যান। পরবর্তীতে সেনাবাহিনী বাড়িতে এলে জানতে পারে এগুলো ভারতীয় সিগারেট। বাড়িতে সিগারেট পাওয়ায় আব্বাকে থানায় নিয়ে গেছে পুলিশ।’
কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘৩৬ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ৩ লাখ ১০ হাজার শলাকা অরিস ও মন্ড সিগারেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিকসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান। এর সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’
কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মেম্বার বলেন, ‘আটককৃত সেলিম, ইসমাইল ও রিপনকে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার অপরাধে দল থেকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে। এরা দলের কেউ না।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর