স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে কারখানা ভাঙচুর, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বেশ কয়েকটি যানবাহনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ সোমবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভোগড়া বাইপাস এলাকায় প্যানারোমা অ্যাপারেলসের এক নারী শ্রমিক আফসানা আক্তার লাবনী (৩০) স্বামীর সঙ্গে দ্বন্দ্বের জেরে রাত সাড়ে ৩টার দিকে কারখানার সাত তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ভোর ৫টার দিকে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালর মর্গে পাঠানো হয়। লাবনী ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে।
এদিকে কারখানা কর্তৃপক্ষের অবহেলায় ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে অভিযোগ এনে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকাল ৮টার দিকে কারখানায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে শ্রমিকরা ভোগড়া বাইপাস মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। বিক্ষিপ্ত শ্রমিকরা গার্মেন্ট ফ্যাক্টরির বাইরে কয়েকটি মোটরসাইকেল, বাইসাইকেল ও একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দিয়ে ওই মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে প্যানারোমা অ্যাপারেলস কারখানার শ্রমিকদের বিক্ষোভ আশপাশের সব কারখানায় ছড়িয়ে পড়ে। হাজার হাজার শ্রমিক মহাসড়কে নেমে আসে। বোর্ডবাজার থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এবং গাজীপুর জয়দেবপুর সড়ক ও গাজীপুর-টাঙ্গাইল সড়কের উভয় পাশে অর্ধশতাধিক পোশাক কারখানা শ্রমিক বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করা হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, নারী শ্রমিক লাবনী রাতের শিফটের ডিউটিতে ছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি কারখানার ছাদে উঠে নিজেই লাফ দিয়ে নিচে পড়ে মারা গেছেন। গুজব রটিয়ে অন্য শ্রমিকরা বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।