July 9, 2026, 2:42 pm

বিপ্লবের চেতনা সমুন্নত রেখে কাজ করতে হবে: হাসান আরিফ

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Monday, November 11, 2024
  • 196 জন দেখেছে

জুলাই-আগস্ট বিপ্লবের চেতনাকে ধারণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা এ এফ হাসান আরিফ। আজ সোমবার দুপুর সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ এফ হাসান আরিফ বলেন, শহীদদের রক্তস্নাত এ পলল ভূমিকে একটি সমৃদ্ধ স্বদেশে পরিণত করার মধ্য দিয়েই এ বিপ্লবের সফলতা নির্ভর করবে। বাংলাদেশকে এ অঞ্চলের একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য ও এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে দেশপ্রেম ও আন্তরিকতার সাথে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
বিমানবন্দরসমূহের সেবার মান আরও বাড়ানোর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, বিমান বাংলাদেশের যাত্রীসেবা, ফ্লাইট শিডিউল ঠিক রাখতে হবে। দেশের পর্যটন আকর্ষণীয় স্থানসমূহকে ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত করার যথাযথ উদ্যোগ এবং কক্সবাজার বিমান বন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এসময় মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানা, আব্দুন নাসের খান, ফাতেমা রহিম ভীনা, মো. আনিসুর রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। এর আগে নবনিযুক্ত উপদেষ্টা মন্ত্রণালয়ে এসে পৌঁছালে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর