November 22, 2026, 7:03 am

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Saturday, November 9, 2024
  • 111 জন দেখেছে

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। আজ শনিবার সকাল ৮টা টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
কারখানাগুলো হচ্ছে- টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, বেসিক ক্লোথিং লিমিটেড, অ্যাপারেলস প্লাস ইকো, বেসিক নিটওয়্যার লিমিটেড ও অ্যাপারেল আর্ট লিমিটেড। গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পরিদর্শক বায়েজিদ মিয়া জানান, মহাসড়কে টিএনজেড গ্রুপের প্রায় ১২০০ শ্রমিক অবস্থান নিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা থাকলেও সেটি করতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। পরে ২৪ অক্টোবর সেনাবাহিনী, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। আলোচনায় সেপ্টেম্বর মাসের বেতন ৩ নভেম্বর ও অক্টোবর মাসের বেতন ২০ নভেম্বর পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু গত বৃহস্পতিবার টিএনজেড গ্রুপের এক নোটিশে বলা হয়, সেপ্টেম্বর মাসের বেতন ৭ নভেম্বর ও অক্টোবর মাসের বেতন ২৮ নভেম্বর পরিশোধ করা হবে। আজ শনিবার আরেকটি নোটিশ কারখানার সামনে ঝুলছে। এ বিষয়ে টিএনজেড গ্রুপের চেয়ারম্যান বলেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সেই সঙ্গে জানাচ্ছি যে, গত ৭ নভেম্বর পূর্বঘোষিত নোটিশের মাধ্যমে অঙ্গীকারাবদ্ধ থাকার পরেও গত সেপ্টেম্বর মাসের বেতন অনিবার্য কারণে পরিশোধ করতে পারিনি। আশা করছি অতিসত্বর সেপ্টেম্বর-অক্টোবর মাসের বেতন পরিশোধ করব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর