স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের বরমী-গফরগাঁও আঞ্চলিক সড়কের ইসলাম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মাহমুদুজ্জামান লিমন (২২)। তিনি উপজেলার বাপ্তা গ্রামের হালিম উদ্দিন ফকিরের ছেলে। লিমন মোটরসাইকেলটির চালক ছিলেন।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. দাদন মীর বলেন, নান্দিয়া সাঙ্গুন বাজার থেকে বরমী গফরগাঁও আঞ্চলিক সড়ক ধরে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন লিমন। এ সময় ইসলাম মার্কেটের কাছে পৌঁছালে দ্রুত গতির একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে দূরে ছিটকে পড়েন তিনি। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা বলেন, সড়ক দুর্ঘটনায় তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত প্রাইভেট কারটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।