নিজস্ব প্রতিবেদক :: চীন সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপিকে ‘দ্য গ্রেট ওয়াল কমেমোরাটিভ মেডেল’ প্রদান করে সম্মান জানানো হয়। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীন সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট এ মূল্যবান অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট হস্তান্তর করেন। এ ছাড়া চীনের পাবলিক সিকিউরিটি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওয়্যাং জিয়াওহং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানান এবং পুনরায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান।
দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন, বাংলাদেশ ও চীনের নাগরিকদের (বাংলাদেশে বসবাসরত) নিরাপত্তা প্রদান ও আইন-শৃঙ্খলা বিষয়ক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির ফলে চীন সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
সৌজন্য সাক্ষাৎ এবং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুরক্ষা সেবা বিভাগের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালকসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধানগণ এবং বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।