October 7, 2026, 4:54 pm

রাজধানী ঢাকায় সমাবেশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, প্রস্তুতির নির্দেশ

Reporter Name
  • আপডেট Saturday, January 20, 2024
  • 114 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: রাজধানী ঢাকায় সমাবেশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শান্তিপূর্ণ এ সমাবেশে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিতে আশপাশের জেলার নেতাদেরও প্রস্তুতি নিতে বলা হয়েছে। বৃহস্পতিবার রাতে দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে ঢাকা ছাড়াও ৯ সাংগঠনিক বিভাগীয় শহরে সমাবেশের নীতিগত সিদ্ধান্ত হয়। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগেই ঢাকাসহ অন্তত চার বিভাগে এই সমাবেশ করতে চায় দলটি। এজন্য শুক্রবার সব সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে ভার্চুয়াল সভা করে স্থায়ী কমিটির দুই নেতা। এতে সব ধরনের প্রস্তুতি নিতে নেতাদের দিকনির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভায় নেতারা ভোট বর্জনের ডাকে সাড়া দেওয়ায় জনগণকে আবারও ধন্যবাদ জানান। এছাড়া ফের মাঠের কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারা। নানা কর্মসূচির প্রস্তাব থাকলেও সমাবেশকে এখন কার্যকর কর্মসূচি বলে জানান।
বিশেষ করে ঢাকায় সমাবেশের প্রাসঙ্গিকতা তুলে ধরা হয় বৈঠকে। পরে শুক্রবার সব সাংগঠনিক জেলার শীর্ষ নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করে স্থায়ী কমিটির দুই নেতা। বিভাগওয়ারি জেলাগুলোর সঙ্গে ধারাবাহিক এই বৈঠকে সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরাও অংশ নেন। সূত্রমতে, বৈঠকে জেলার নেতাদের সর্বোচ্চসংখ্যক নেতাকর্মী জমায়েতের নির্দেশনা দেওয়া হয়।
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ৩০ জানুয়ারি। বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, কুমিল্লা ও ফরিদপুর বিভাগীয় শহরে সমাবেশ হবে। রাজশাহী দিয়ে শুরু করার কথা রয়েছে। ৩০ জানুয়ারির আগে অন্তত চার থেকে পাঁচ বিভাগে সমাবেশ হতে পারে। আজ-কালের মধ্যেই তারিখ চূড়ান্ত করা হবে।
ঢাকার সমাবেশের দিকেই মূল ফোকাস থাকবে জানিয়ে নেতারা বলেন, জনগণ ভোট বর্জন করে পরিষ্কার বার্তা দিয়েছে বিএনপির আন্দোলনের সঙ্গে তারা রয়েছে। তাই সংসদের প্রথম অধিবেশন শুরুর আগেই সমাবেশ করে জনগণকে বার্তা দিতে চান, বড় দল হিসাবে বিএনপি দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবে। এছাড়া সমাবেশ করা হলে নেতাকর্মীরা আবারও উজ্জীবিত হবে। দেশের পাশাপাশি বিদেশিদের কাছেও বার্তা যাবে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে, আরও শক্তি নিয়ে মাঠে নেমেছে। তারা আশা করেন, শান্তিপূর্ণ সমাবেশে সরকার কোনো বাধা দেবে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর