July 10, 2026, 12:37 am

সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট ফেব্রুয়ারিতে

Reporter Name
  • আপডেট Thursday, January 18, 2024
  • 96 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনে জয়ী দল বা জোটগুলোর মধ্যে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত আসন আনুপাতিক হারে বণ্টন করা হয়। সাধারণভাবে প্রতি ৬টি আসনের বিপরীতে কোনো দল বা জোট একটি সংরক্ষিত আসন পেয়ে থাকে। সে হিসেবে আওয়ামী লীগ ২২৩টি আসনের বিপরীতে পাবে ৩৭টি সংরক্ষিত আসন। স্বতন্ত্র সংসদ সদস্য ৬২ জন। জোট করলে তারা পাবেন ১০টি আসন। জাতীয় পার্টি ১১টি আসনের বিপরীতে পাবে ২টি আসন। অন্য তিনটি দল জোট হলে একটি আসন পেতে পারে বলে সংসদ সচিবালয়ের আইন শাখা সূত্রে জানা গেছে। সংরক্ষিত আসনে আগামী ফেব্রুয়ারিতে ভোট করার লক্ষ্যে চলতি মাসের শেষ দিকে তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের ভোটের জন্য সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা কমিশন পেয়েছে। কয়েক দিনের মধ্যেই ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। এরপর যদি কোনো আপত্তি না থাকে, তবে এটিই হবে চূড়ান্ত ভোটার তালিকা। পরবর্তীতে কমিশনের অনুমোদনক্রমে তফসিল ঘোষণা হবে। কোটা অনুযায়ী একক প্রার্থী থাকলে আর ভোটের প্রয়োজন হবে না। আগামী সপ্তাহে এই প্রস্তাবনা কমিশনে ওঠার পর এ তফসিল ঘোষণা হলে ফেব্রুয়ারিতে ভোট হবে।
আইন অনুযায়ী, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন করতে হয়। সে হিসাবে আগামী ৭ এপ্রিলের মধ্যে এই নির্বাচন করতে হবে। ৩০ জানুয়ারি থেকে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। সংরক্ষিত মহিলা আসনের নির্দিষ্ট কোনো এলাকা নেই। আগে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই নির্বাচিত হতেন। ২০০৪ সালের সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সংসদে কোন দলের কতজন প্রতিনিধি রয়েছেন তার আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত করার বিধান অন্তর্ভুক্ত করা হয়। সেই হিসেবে একটি রাজনৈতিক দলের যদি ৬ জন এমপি থাকেন, তা হলে ওই দল থেকে একজন প্রার্থী সংরক্ষিত নারী আসনের এমপি হবেন। সংরক্ষিত মহিলা আসনের এমপি নির্বাচিত হন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে বিজয়ী এমপিদের ভোটের মাধ্যমে। এবারও তাদের ভোটেই সংরক্ষিত মহিলা আসনের এমপি নির্বাচিত হবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর