স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নয়ন মৃধা (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নয়ন মৃধা বরিশাল জেলার বানারীপাড়া থানার মাদারকাঠি গ্রামের মান্নান মৃধার ছেলে। সে টঙ্গীর আউচপাড়া নৈমুদ্দিন মোল্লা রোডে ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে নয়ন মৃধা বরিশাল গ্রামের বাড়ি থেকে টঙ্গীর উদ্দেশে বাসে উঠেন। বুধবার সকালে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এসে বাস থেকে নামলে কয়েকজন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। একপর্যায় ছিনতাইকারীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অপরদিকে টঙ্গীর মুদাফা এলাকা থেকে সকালে আসমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আসমা নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার গান্দরগান্দা গ্রামের ইমান আলীর মেয়ে। এ ঘটনায় নিহতের স্বামী আমিনুর ইসলাম পলাতক রয়েছে। আমিনুল ইসলাম একই জেলার সাউথপাড়া গ্রামের পানজোর আলীর ছেলে। স্বামী-স্ত্রী উভয়ে মুদাফা বাগবাড়ি এলাকার হযরত আলীর বাড়িতে ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিকসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রায় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। মঙ্গলবার রাতেও একই কারণে তাদের মধ্যে ঝগড়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্বামী আমিনুল তাকে মারধরের পর হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।