July 9, 2026, 8:06 pm

গাজীপুরে ৪টিতে নৌকা ও ১টি স্বতন্ত্র প্রার্থীর জয়

Reporter Name
  • আপডেট Monday, January 8, 2024
  • 115 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর জেলার পাঁচটি আসনের মধ্যে একটি আসনে স্বতন্ত্র প্রার্থী ও বাকি চারটি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। গতকাল রবিবার রাত পৌনে ১২টার দিকে গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
বেসরকারি ফলাফল অনুযায়ী, গাজীপুর-১ (কালিয়াকৈর এবং গাজীপুর সিটির একাংশ) আসনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (নৌকা)। তিনি পেয়েছেন ১ লাখ ৯ হাজার ২১৮ ভোট। চতুর্থবারের মতো আসনটিতে জয় পেলেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম (রাসেল) ট্রাক প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৭৮৮ ভোট। এই আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের হয়ে জোরাল প্রচারণায় নেমেছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
গাজীপুর-২ (গাজীপুর সিটির একাংশ ও গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকা) আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান (রাসেল)। তিনি ১ লাখ ৪ হাজার ৪৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন ট্রাক প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ১২৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিনের ট্রাক প্রতীকের হয়ে সবচেয়ে বেশি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর একাংশ) আসনে ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী রুমানা আলী (টুসি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন (সবুজ) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৭৪ ভোট। এর আগে রুমানা আলী সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সিমিন হোসেন (রিমি)। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৮৯ হাজার ৭২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে সিমিনের ফুফাতো ভাই স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট। আসনটিতে এ নিয়ে তিনবার জাতীয় নির্বাচনে জয় পেলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি।
গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে আখতারুজ্জামান ৮২ হাজার ৭২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ ৬৭ হাজার ৭৮৩ ভোট পেয়েছেন। গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান বেশ পুরনো রাজনীতিক। তিনি ছিলেন সাবেক সংসদ সদস্য, ডাকসুর ভিপি, জিএস। এবারের নির্বাচনে এই স্বতন্ত্র প্রার্থীকে শুরু থেকেই সমর্থন দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর