দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: অবশেষে আইসিসির মেগা ইভেন্টের ফাইনালের টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। চলমান টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে তারা। অন্যদিকে বৃহস্পতিবার ইংল্যান্ডকে দ্বিতীয় সেমিফাইনালে ৬৮ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত।
দক্ষিণ আফ্রিকা এবারই প্রথমবার ফাইনালে উঠেছে, সেটাও অপরাজিত থেকে। ইংল্যান্ডকে হারিয়ে তাদের প্রতিপক্ষ হয়েছে ভারত। ফাইনালে শিরোপাযুদ্ধে নামার আগে এক জায়গায় দুই প্রতিপক্ষ মিলে গেল। ভারতও প্রোটিয়াদের মতোই এবারের বিশ্বকাপে অপরাজিত! বিশ্বকাপের ফাইনালে দুই অপরাজিত দলের লড়াই।
টি২০ বিশ্বকাপের গত আসরে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় ঘণ্টা বেজেছিল ভারতের। এবার বছর দুয়েক পর চলতি বিশ্বকাপে সেই হারের প্রতিশোধ ভালোভাবেই নিলেন রোহিত-কোহলিরা। ফলে ইংলিশদের বিধ্বস্ত করে ১০ বছর পর ফাইনালের টিকিট কাটল ভারত।
‘দক্ষিণ আফ্রিকা আর সেমিফাইনাল’ শব্দ দু’টি যেন একে অপরের পরিপূরক। বিশ্বকাপ মানেই সেমিফাইনালে প্রোটিয়ারা। তারপরও হযবরল হারে শেষ চার থেকে বিদায়। এতদিন এই ছিল দলের নিয়তি। ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপ থেকে যার যাত্রা শুরু। সবশেষ ২০২৩ বিশ্বকাপেও এমন ভাগ্যই বরণ করেছিল। ওয়ানডের মতো ২০০৭ এবং ২০১৪ টি২০ বিশ্বকাপেও দলটির শেষ যাত্রা ছিল ওই সেমিফাইনাল। এভাবে বারংবার সেমিফাইনাল থেকে বিদায় নিতে নিতে তাদের কপালে জোটে চোকার্স অপবাদ। সেই অপবাদ ঘোচাতে দীর্ঘ ৩২ বছর লাগল তাদের। অবশেষে সেমির মঞ্চ পেরিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নিয়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে পড়ে ১১.৫ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয় আফগানিস্তান।
বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনাল ম্যাচে এর আগে কখনোই কোনো দল এত কম রানে অলআউট হয়নি। ৫৭ রান স্পর্শ করতে ঘাম ঝড়াতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। ৬৭ বল বাকি রেখে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় প্রোটিয়ারা।
এদিকে গত টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ভারত। বছর দুয়েক পর সেই হারের ক্ষতে প্রলেপ দিল রোহিত শর্মার দল। এবার ইংলিশদের বিদায় করে ফাইনালের টিকিট কাটল টিম ইন্ডিয়া।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছিল ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন রোহিত। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। ফাইনাল নিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘দল হিসাবে আমাদের খুব শান্ত থাকতে হবে। কারণ, মাথা ঠান্ডা থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। ফাইনালে জিততে হলে ভালো ক্রিকেট খেলা ছাড়া কোনো উপায় নেই। আমরা এবার আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। সেটাই ফাইনালে আরও একবার খেলতে চাই।’
এদিকে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম বলেন, ‘বিশ্বের যে কোনো দলকে হারিয়ে এখন শিরোপা জিততে পারি আমরা।’ সেমিফাইনালে দুর্দান্ত জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেই শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ আফ্রিকার দলপতি মার্করাম। তিনি বলেন, ‘অবশ্যই অসাধারণ এক অনুভ‚তি। সাদা বলের দুই ফরম্যাটে দীর্ঘদিন ধরেই একসঙ্গে খেলছে এই দলটি। ফাইনালে উঠতে পারাটা দারুন। আমাদের বিশ্বাস আমরা বিশ্বের যে কোনো দলের সঙ্গেই লড়াই করতে পারি ও আমরা শিরোপা জিততে পারি। সেই সুযোগ সামনে আসায় ভালো লাগছে।