বগুড়া প্রতিনিধি:: কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বগুড়ার বিভিন্ন ট্রেডের কার্যক্রম পরিদর্শন করেছেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। এ সময় তিনি দেশ-বিদেশে কর্মসংস্থানের সুবিধার্থে ড্রাইভিং প্রশিক্ষণের একটি নতুন গাড়ির উদ্বোধন করেন।
সোমবার (০২ নভেম্বর) বেলা ১১টায় টিটিসি পরিদর্শনকালে বিদেশগামী কর্মীদের ফিঙ্গারপ্রিন্ট মেশিনের উদ্বোধন করেন এমপি রেজাউল করিম বাদশা। পাশাপাশি তিনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ল্যাব, জাপানি ভাষা প্রশিক্ষণ কার্যক্রম ও হাউজকিপিং ডেস্কসহ সব ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। পরে কেন্দ্রটির হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
সভায় রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া দীর্ঘদিন কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। বগুড়া টিটিসির আধুনিকায়ন, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।
অনুষ্ঠানে বগুড়া টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হক, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম হেলাল, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সেকান্দার আলী মুন্সীসহ কেন্দ্রের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।