October 12, 2026, 1:03 pm

তুরাগ নদীতে গোসল করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

Reporter Name
  • আপডেট Monday, October 12, 2026
  • 26 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন বাকরাল গ্রামসংলগ্ন তুরাগ নদীর খালে গোসল করতে নেমে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) এ মর্মান্তিক ঘটনা ঘটে।
তারা হলো- পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানি গ্রামের মো. রাব্বি শেখ ও রাবেয়া দম্পতির সন্তান সুমাইয়া (৮) ও তার ছোট ভাই আব্দুল্লাহ (৬)। তারা টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের বাকরাল গ্রামের মাসুমের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সুমাইয়া ও আব্দুল্লাহ স্থানীয় আরেক শিশুর সঙ্গে বাকরাল গ্রামসংলগ্ন তুরাগ নদীর খালের জলাশয়ে গোসল করতে নামে। এ সময় পানির স্রোতে তিন শিশুই বিপদে পড়ে। তাদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সুমাইয়া ও আব্দুল্লাহ পানিতে ডুবে যায়।
পরে তীরে উঠে আসা শিশুটি স্থানীয় লোকজন ও নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে বিকেল আনুমানিক ৩টার দিকে দুই শিশুকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ দুটি টঙ্গী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই নিহত দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর