নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবিতে) ‘হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্ৰতিযোগিতা- ২০২৬’ (সিজন ২) এর উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এ ধরনের প্রতিযোগিতা চালু ছিল। ছাত্রদল তারই ধারাবাহিকতায় প্রতিটি ক্যাম্পাসে হিফজুল কুরআন ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজনের কাজ শুরু করেছিল।
তিনি বলেন, আমরা পলিসি এবং ওয়েলফেয়ার পলিটিক্সের অপূর্ব সমন্বয় ঘটাবো। আগামী ছাত্রদল হবে পলিসি নির্ভর ছাত্রদল এবং সেই সাথে ওয়েলফেয়ার পলিটিক্সের (কল্যাণ রাজনীতি) ছাত্রদল।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, আমরা আজ এবং আগামীকাল অডিশন রাউন্ড (বাছাই পর্ব) করবো এবং আগামী ৪ মার্চ আমরা চূড়ান্ত প্রতিযোগিদের হাতে পুরস্কার বিতরণের মাধ্যমে এই পর্ব আমরা শেষ করবো। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআনের যেই ধর্মীয় আবহ, সেটি আমরা পৌঁছে দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা চলমান রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।