স্টাফ রিপোর্টার, গাজীপুর:: সন্তানের নিথর দেহ কারাগারের ফটকে আনা হলো বন্দি মায়ের শেষ ইচ্ছা পূরণে। মানবিক বিবেচনায় কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় মৃত ছেলেকে শেষবারের মতো দেখার সুযোগ পেলেন মা শারমিন সুলতানা শর্মী। মা-সন্তানের এই হৃদয়বিদারক শেষ সাক্ষাতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় কারাগার প্রাঙ্গণে। আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় মহিলা কারাগারের ফটকে নিয়ে আসা হয় ১৫ বছর বয়সী নিসর্গ হোসেন তুর্যের মরদেহ। সেখানে কারাবন্দি মাকে সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।
পরিবার ও কারাগার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন। এরই মধ্যে শুক্রবার রাতে আকস্মিক মৃত্যু হয় তাঁর বড় ছেলে নিসর্গ হোসেন তুর্যের। সন্তানের মৃত্যুর খবর শুনে কারাগারের ভেতরে ভেঙে পড়েন মা শর্মী। পরে পরিবারের পক্ষ থেকে মায়ের সঙ্গে সন্তানের শেষ দেখা করানোর আবেদন জানানো হয়। মানবিক দিক বিবেচনা করে সেই আবেদন মঞ্জুর করে কারা কর্তৃপক্ষ।
পরিবার সূত্রে আরও জানা যায়, তুর্য শারীরিকভাবে অসুস্থ ছিল। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সে শৌচাগারে যায়। দীর্ঘ সময় পার হলেও বের না হওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তাঁরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তুর্যকে শৌচাগারে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।
এরপর ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ কাশিমপুর মহিলা কারাগারের ফটকে নিয়ে আসা হয়। নির্ধারিত নিয়ম ও নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করে সেখানে বন্দি মাকে সন্তানের মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। এ সময় মা-সন্তানের শেষ সাক্ষাতের দৃশ্য দেখে উপস্থিত স্বজন ও দায়িত্বপ্রাপ্ত অনেকের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। সন্তানকে শেষবারের মতো দেখার পর দাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে, প্রিয় সন্তানের নিথর দেহ দেখে আবারও কারাগারের ভেতরে ফিরে যেতে হয় বন্দি মা শারমিন সুলতানা শর্মীকে।
এ বিষয়ে কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল জানান, একজন মহিলা বন্দির সন্তান মারা যাওয়ায় মরদেহ কারাগারের ফটকে নিয়ে আসা হয়েছিল, যাতে তিনি শেষবারের মতো সন্তানকে দেখতে পারেন। মানবিক দিক বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।