June 1, 2026, 7:16 pm

টঙ্গীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর ও চাঁদা দাবির অভিযোগ!

Reporter Name
  • আপডেট Sunday, April 12, 2026
  • 50 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::  টঙ্গীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে নামধারী যুবদল নেতা কামাল, তাইজুল ইসলাম, শামীম ও মামুনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকার “তাকওয়া ট্রেডার্স” নামের একটি প্রতিষ্ঠানে প্রায় দেড় বছর ধরে ইট, বালু ও পাথরের ব্যবসা পরিচালনা করে আসছেন মো. জাকির হোসেনসহ চারজন ব্যবসায়ী। গত তিন মাস ধরে অভিযুক্তরা প্রতিষ্ঠানটিতে এসে ব্যবসায়িক কাজে বাধা প্রদান এবং প্রতিটি গাড়ি থেকে ১,৫০০ টাকা করে চাঁদা দাবি করে আসছিল।
ভুক্তভোগীর অভিযোগ, গত ১১ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে একটি বালুবাহী ও একটি পাথরবাহী গাড়ি তাদের প্রতিষ্ঠানে আসে। পরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে অফিসে প্রবেশ করে দুটি গাড়ির জন্য ৩,০০০ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা অফিস কক্ষে তালা লাগিয়ে দেয় এবং বালুভর্তি দুই ট্রাকের মালামাল আনলোড করতে বাধা দেয়। এ সময় ড্রাইভার ও হেলপারদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে বের করে দেওয়া হয় এবং রাস্তার গেট বন্ধ করে তালা লাগিয়ে দেয় অভিযুক্তরা।
এ সময় হামলাকারীরা জাকির হোসেনসহ তার ব্যবসায়ী অংশীদার বিল্লাল হোসেন পিন্টু, মোঃ স্বপন মিয়া ও সিরাজুল ইসলাম আকাশকে মারধর করে আহত করে। পরে তারা টঙ্গী সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। বর্তমানে হামলার আতঙ্কে প্রতিষ্ঠানটিতে আনা বালু ও পাথর আনলোড করতে পারছেন না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযুক্ত নামধারী যুবদল নেতা তাইজুল ইসলাম বলেন, তাদেরকে আমরা বলছি মিলে মিশে ব্যবসা করতে।
অভিযুক্ত যুবদল নেতা কামাল বলেন, এই বিষয়টি ওয়ার্ড বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক জানেন। ওরা ব্যবসা করে ওখানে আমরাও ব্যবসা করুম৷
৫০ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন বলেন, এই বিষয়টি আমি অবগত আছি এবং দুই পক্ষের সঙ্গে বসে কথা বলে সমাধান করার ব্যবস্থা করব।
এ বিষয়ে ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী হারুন বলেন, এখানে আমি ও আমার কোনো লোক যায়নি এবং এ বিষয়ে আমি কিছু জানি না।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর