June 18, 2026, 10:56 pm

গাজীপুরে চাঁদাবাজির অভিযোগ: বহিষ্কৃত যুবদল নেতা রুবেলসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • আপডেট Thursday, June 18, 2026
  • 4 জন দেখেছে

স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের গাছা থানায় দুই লাখ টাকা চাঁদা দাবি, ট্রাক ভাঙচুর এবং ব্যবসায়ীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা রুবেল সরকারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও ২৫ থেকে ৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. মাসুদ রানা বুধবার (১৭ জুন) গাছা থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ জানিয়েছে, মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩৮৫ ও ৪২৭ ধারায় রেকর্ড করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ জুন রাত সাড়ে ৮টার দিকে কুনিয়া বড়বাড়ী এলাকার বেস্ট শার্ট লিমিটেড থেকে পাটজাত পণ্য বোঝাই একটি ট্রাক টঙ্গী মিলগেটের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি কারখানার প্রধান ফটকের সামনে পৌঁছালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল ব্যক্তি সেটির গতিরোধ করে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা ট্রাকটিতে ভাঙচুর চালিয়ে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে। একপর্যায়ে যুবদলের বহিষ্কৃত নেতা রুবেল সরকারের নির্দেশে ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি করা অর্থ না দিলে ট্রাকটি পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ও টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে সরে যায়। পরে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দেন ব্যবসায়ী মাসুদ রানা। মামলায় নাম উল্লেখ করা অন্যান্য আসামিরা হলেন, হামিদুর রহমান, আশরাফুল হোসেন, আশরাফুল ইসলাম মোল্লা, জিয়া উদ্দিন জিয়া, মিজানুর রহমান মিজান, মো. বাবু, মো. ইব্রাহিম ও মো. আহাদ মিয়া।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর