নিজস্ব প্রতিবেদক :: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য আওয়ামী লীগ সরকার দায়ী বলে মন্তব্য করেছেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) দলটির মনোনয়নপ্রত্যাশী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ও বিজিএমই-এর পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী। তিনি বলেছেন, গত ১৭ বছর বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট সরকার যে নির্যাতন, অত্যাচার করেছে, যেভাবে টর্চার করেছে আজকে খালেদা জিয়ার অসুস্থতার জন্য ফ্যাসিস্ট সরকার দায়ী।
শুক্রবার বিকেলে লাকসাম মুদাফরগঞ্জ আনছারিয়া কমপ্লেক্সে মাঠে আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সেই এরশাদবিরোধী আন্দোলন থেকে বাংলাদেশকে একটি সুন্দর সুষ্ঠু গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চালিয়েছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া।
আজকের এ অবস্থার জন্য জনগণ স্বৈরাচার সরকারকে কখনো ক্ষমা করবে না। শাসনও তার ব্যবস্থা নিচ্ছে। ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, আমাদের নেত্রী সব সময় বাংলাদেশের জনগণের ও গণতন্ত্রের পাশে ছিল। যার কারণে সবাই গণতন্ত্রের নেত্রী হিসেবে আখ্যায়িত করে।
তিনি আরো বলেন, এ দুনিয়াতে শেখ হাসিনার বিচার হলেও তার কর্মকাণ্ড এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এ অবস্থার জন্য হাশরের ময়দানে আল্লাহপাক তাকে (শেখ হাসিনা) রেহাই দেবেন না। পরে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এবং ড. রশিদ আহমেদ হোসাইনীর সহযোগিতায় বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় লাকসাম উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলম খুসরু, এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা শহীদ জিয়া পরিষদের আহ্বায়ক মো. হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ ইয়াসিন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।