নিজস্ব প্রতিবেদক :: ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে শারীরিক প্রতিবন্ধকতায় আটকে থাকা শিশুদের বিকাশে রাষ্ট্রীয়ভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ (মঙ্গলবার) ঢাকা-১০ আসন এলাকায় স্থানীয় প্রতিবন্ধীদের ‘‘অপ্রতিরোধ্য সম্মাননা” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, একজন প্রতিবন্ধী শিশুকে একটি পরিবারের পক্ষে এককভাবে গড়ে তোলা কষ্টসাধ্য। প্রতিবন্ধীদের গড়ে তুলতে সামাজিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। এটি সামাজিক দায়বদ্ধতার অন্যতম একটি অংশ।
তিনি বলেন, প্রতিবন্ধীদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে তাদের জাতীয় সম্পদে রূপ দেওয়া যায়। তাদের রয়েছে অভাবনীয় প্রতিভা এবং মেধা। যার দৃষ্টান্ত ইতোপূর্বে অনেকেই স্থাপন করেছে। প্রতিবন্ধী না বলে প্রতিবন্ধকতায় আটকে আছে বলতে আহ্বান জানিয়ে তিনি বলেন, স্টিফেন হকিং শারীরিক প্রতিবন্ধকতায় আটকে ছিলেন অথচ তিনি পৃথিবীর ইতিহাসে বিখ্যাত পদার্থবিজ্ঞানী। স্টিফেন হকিং শারীরিকভাবে একটু দুর্বল হলেও নিজের প্রতিভা, মেধা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন। এটি তিনি এককভাবে পারেননি। বরং তার পরিবার, তার সমাজ তাকে এই কাজটি করতে সহযোগিতা করেছেন। যার ফলে তিনি পৃথিবীর ইতিহাসে বিখ্যাত পদার্থবিজ্ঞানী হতে পেরেছেন। আমরাও যদি শারীরিক প্রতিবন্ধকতায় আটকে থাকা আমাদের শিশুদের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকে সহযোগিতায় এগিয়ে আসি তবে আমাদের শিশুরাও বিশ্বের বুকে সফলতার স্বাক্ষর রাখতে পারবে।
তিনি আরও বলেন, ঢাকা-১০ আসনের জনগণ তাকে নির্বাচিত করলে তিনি সমাজের প্রতিটি স্তরের প্রত্যেক নাগরিকের জন্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সমানভাবে নিশ্চিতকরণে কাজ করবেন। প্রতিবন্ধী ভাতার নামে সামান্য ভাতা দিয়েই রাষ্ট্রের দায়িত্ব শেষ নয়। বরং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রতিটি নাগরিককে মর্যাদাবান করে গড়ে তোলা।
ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১০ আসনের নারী সমন্বয়ক ড. ফেরদৌস আরা খানম বকুল এবং সৃজনশীল নারী ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সেক্রেটারী রওশন আরা। নিউমার্কেট থানা আমির মাওলানা মহিব্বুল হক ফরিদের পরিচালনায় স্থানীয় সাইয়্যেদনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অপ্রতিরোধ্য সম্মাননা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধানমন্ডি থানার সাবেক আমির এডভোকেট জসিম উদ্দিন তালুকদার, হাজারীবাগ দক্ষিণ থানা আমির আখতারুল আলম সোহেল।